নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন এবং মৃত্যুর আগে লিখিত চিঠি উন্মোচন করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে কলেজ গেইট থেকে মিছিলটি শুরু হয়ে শিবপুর মডেল থানা, উপজেলা ও বিদ্যালের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
এসময় বিক্ষোভকারীরা বিল্লাল স্যার মরল কেন প্রশাসন জবাব চাইসহ নানা স্লোগান দেয়। শিক্ষক বিল্লাল হোসেন এর মৃত্যুর কারণ অবিলম্বে জনসম্মুখে প্রকাশ করার জন্য দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন,
আমাদের বিল্লাল হোসাইন স্যার অত্যান্ত ভালো মানুষ ছিলেন। ওনার মৃত্যুর আগে লিখিত চিঠিটি পুলিশ উদ্ধার করার একসপ্তাহ পেরিয়ে গেলেও তা রহস্যজনক কারনে প্রকাশ করছেনা। কোনো কারন ছাড়া একজন শিক্ষক আত্মহত্যা করতে পারেনা। আমরা ওনার লিখিত চিঠি এবং মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানাচ্ছি।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কোহিনূর মিয়া বলেন, শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তদন্তের স্বার্থে জব্দকৃত চিঠি প্রকাশ করা হয়নি। শীঘ্রই চিঠিটি প্রকাশ করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম শিক্ষার্থীদের শান্ত থাকার আহবান জানিয়ে বলেন, সঠিক তদন্তের স্বার্থে, একটু সময় লাগছে। এটা নিয়ে পুলিশ কাজ করছে। তোমরা শান্ত থাক, তদন্তে সব প্রকাশ হবে। তাছাড়া তোমরা লিখিত আকারে পুলিশ সুপার বরাবর আবেদন করতে পার।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (১৮ জুন) শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসাইনের বাসায় সিলিং ফ্যানের সাথে রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় পাশে শিক্ষক বিল্লাল হোসাইন এর হাতের লেখা একটি চিঠি উদ্ধার করে পুলিশ।