ময়মনসিংহে পৃথক চারটি অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত চার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

র‌্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহের চারটি আভিযানিক দল ২৪ জুন পৃথক চারটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
প্রথম অভিযানে বিকেল প্রায় ৩টার দিকে ময়মনসিংহ সরকারি কলেজের সামনে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সোহেল (৪৬)কে গ্রেফতার করা হয়। তিনি আকুয়া ভাঙ্গাপুল এলাকার বাসিন্দা।

দ্বিতীয় অভিযানে বিকেল সাড়ে ৩টার দিকে কোতোয়ালী থানার উজান বাড়েরা এলাকায় অভিযান চালিয়ে মুক্তাগাছা থানার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মিলন ওরফে ময়না মিয়া (৪২)কে গ্রেফতার করা হয়। তিনি খাগডহর এলাকার বাসিন্দা।

তৃতীয় অভিযানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধ্য বাড়েরা পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী থানার জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোহেল (৩০)কে গ্রেফতার করা হয়। তিনি বাঘমারা মেডিকেল গেট এলাকার বাসিন্দা।

চতুর্থ অভিযানে রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে মধ্য বাড়েরা মান্নান সড়ক এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী থানার জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সাজ্জাদ (২৫)কে গ্রেফতার করা হয়। তিনি পাটগুদাম অংশ রেলওয়ে কোয়ার্টার এলাকার বাসিন্দা।

র‌্যাব-১৪ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন।

র‌্যাব-১৪ এর এক কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানান, মাদকবিরোধী অভিযান এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে র‌্যাবের তৎপরতা অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।