বাংলাদেশিদের জন্য প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভারতের ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হচ্ছে। আগামী ২৮ জুন (রোববার) থেকে বাংলাদেশি নাগরিকরা আবারও স্বাভাবিক নিয়মে ভারতের পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন।
রাজধানীর ভারতীয় ভিসা সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ ঘোষণা দেন। তিনি জানান, ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ পুনরায় শুরু হলেও মানবিক বিবেচনায় জরুরি মেডিকেল ভিসা সুবিধা আগের মতোই অব্যাহত থাকবে।
প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। পরবর্তীতে দেশের অন্যান্য ভিসা সেন্টারেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
হাইকমিশনার আশা প্রকাশ করে বলেন, ভিসা কার্যক্রম পুনরায় চালুর ফলে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। তবে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা সীমিত পরিসরে চালু ছিল।