ঠাকুরগাঁওয়ে ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে এই বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা ইউএনও খায়রুল ইসলাম। এ সময়
উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার নাসিরুল আলম রনি , অতিরিক্ত কৃষি অফিসার নিহার রঞ্জন রায়, কৃষি সম্প্রসারণ অফিসার আবু আব্দুল্লাহ আল মুজাহিদ সহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ নাসিরুল আলম রনি জানান, সদর উপজেলার পৌরসভাসহ ২২ টি ইউনিয়নের ৭ হাজার কৃষক সরকারি প্রণোদনার আওতায় এই বীজ সার পাবেন। প্রণোদনার মাধ্যমে প্রত্যেক কৃষক ১ বিঘা জমিতে আবাদের জন্য পাবেন ৫ কেজি করে ধানবীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার। এভাবে এই উপজেলায় সরকারি প্রণোদনার আওতায় মোট ৯৩৬ হেক্টর জমির জন্য ৭ হাজার কৃষক পাচ্ছেন ৩৫ মেট্রিক টন বীজ, ৭০ মেট্রিক টন করে ডিএপি ও এমওপি সার।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) আলমগীর কবির জানান, এই প্রণোদনার আওতায় জেলার ২২ হাজার কৃষক ৩ হাজার হেক্টর জমিতে আমন ধান আবাদের জন্য পাচ্ছেন ১শ ১০ মেট্রিক টন বীজ , ২শ ২০ মেট্রিক টন করে ডিএপি ও এমওপি সার। এর মাধ্যমে উৎপাদন হবে ১০ হাজার ৬ শ ২০ মে. টন চাল । এটা জেলায় এবং জাতীয়ভাবে খাদ্য উৎপাদনে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
