বাংলাদেশ ও মালয়েশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রী দপ্তরে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে শ্রমবাজার, বিনিয়োগ, বাণিজ্য এবং অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ সৃষ্টি এবং শ্রমবাজার দ্রুত চালুর অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণ এবং বিভিন্ন কারণে আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও আলোচনায় এসেছে।

তিনি আরও বলেন, উভয় দেশই শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে একমত হয়েছে। বিশেষ করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে শ্রমিকদের অভিবাসন ব্যয় হ্রাসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। মুক্তবাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রবাহ বাড়বে এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পর বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নেওয়া দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্বকেই প্রতিফলিত করে। তিনি ১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মালয়েশিয়া সফরের কথা স্মরণ করে বলেন, সেই সফর দুই দেশের রাজনৈতিক ও শ্রমবিষয়ক সহযোগিতার ভিত্তি আরও শক্তিশালী করেছিল।