জামালপুরের ইসলামপুর পৌর এলাকায় চুরি, জুয়া ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) রাতে পৌর শহরের ফকিরপাড়া গ্রামের মসজিদ মোড়ে স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
হাজী গফুর শাহ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার। এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর জুলহাস মণ্ডল, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সাংবাদিক লিয়াকত হোসাইন লায়ন, সহিজল হক মক্কর জোদ্দার, হাজী আনোয়ার হোসেন, কিতাব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি এবং মাদক ও জুয়ার বিস্তার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এসব কর্মকাণ্ড সামাজিক স্থিতিশীলতা ও যুবসমাজের জন্য নেতিবাচক প্রভাব ফেলছে বলে তারা মন্তব্য করেন।
সভায় অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা চুরি, মাদক ব্যবসা ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সচেতন নাগরিকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভা শেষে এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
