ফেনীর পরশুরাম উপজেলায় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

শনিবার (২০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনী-পরশুরাম সড়কের শ্রীভাঙ্গা সেতু এলাকা থেকে অ্যাম্বুলেন্সটি আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সযোগে বিপুল পরিমাণ ভারতীয় মদ ফেনীর দিকে নেওয়া হচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে পরশুরাম থানা পুলিশ অভিযান পরিচালনা করে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে মোট ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আটক দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। তবে অ্যাম্বুলেন্সটির মালিকানা সম্পর্কে বিভিন্ন সূত্রে তথ্য পাওয়া গেলেও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযানে মোট ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।