পদোন্নতিবঞ্চিত মৌসুমি শ্রমিক-কর্মচারিদের স্থায়ী পদে পদোন্নতি দিয়ে দক্ষ জনবল তৈরী করা, অবিলম্বে শ্রমিকদেরও মজুরী কমিশনের বিশেষ সুবিধার ১৫% (পনের শতাংশ) টাকা প্রদান এবং আপদকালীন সাশ্রয় নীতি-২০১৬ প্রত্যাহারের ৩ দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিলে ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও সুগার শিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর আয়োজনে রোববার দুপুরে মিলগেট চত্তরে এ ফটক সভাটি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা মিলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে দাবিসম্বলিত স্মারকলিপি প্রদান করেন ।
ঘন্টাব্যাপি অনুষ্ঠিত ফটক সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস। এসময় বক্তব্য দেন ঠাকুরগাও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, চিনি শিল্পকে বাচিয়ে রাখতে হলে শ্রমিকদের সুরক্ষা প্রয়োজন। তাই আগামী ১০ দিনের মধ্যে এ ৩ দফা দাবী মানা না হলে বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন তারা।