ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৬৫৯ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার কাঠাল ইউনিয়নের বনগ্রাম-সিংরাইল এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড বিতরণ করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর এবং ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচির তৃতীয় পর্যায়ে কাঠাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ১ হাজার ১৭৯টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে ১ হাজার ১১৪টি পরিবারের তথ্য সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী হওয়ায় ৬৫টি পরিবার বাদ পড়ে। পরবর্তীতে নির্ধারিত সূচক অনুযায়ী মূল্যায়নের মাধ্যমে ৬৫৯টি পরিবারকে প্রাথমিকভাবে এ কর্মসূচির আওতায় আনা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সরকার ডিজিটাল পদ্ধতিতে তথ্য যাচাই ও নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করছে। এর মাধ্যমে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য সহায়তা কার্যক্রম আরও কার্যকর হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
