ময়মনসিংহের নান্দাইলে একটি নির্মাণাধীন ভবনের কাজ বাধাগ্রস্ত করা এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সদস্য মো. শহীদুজ্জামান মিল্টনের বিরুদ্ধে। এ ঘটনায় ভবনের মালিক শফিকুল ইসলাম নান্দাইল মডেল থানা ও গৌরীপুর সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন।
বুধবার (১৭ জুন) সকালে নান্দাইল হাসপাতাল রোড এলাকায় নির্মাণাধীন ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৩ সালে নান্দাইল পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মরহুম দেলোয়ার হোসেন ও তার ছেলে কাজী মাহমুদ রিয়াজের কাছ থেকে দুটি নিবন্ধিত দলিলের মাধ্যমে ৩ শতাংশ ২০ পয়েন্ট জমি ক্রয় করেন। পরবর্তীতে ওই জমিতে বাণিজ্যিক ও আবাসিক ব্যবহার উপযোগী একটি ভবন নির্মাণের কাজ শুরু করেন।
শফিকুল ইসলামের অভিযোগ, ভবন নির্মাণকাজ চলাকালে মো. শহীদুজ্জামান মিল্টন তার কাছে ১০ লাখ টাকা দাবি করেন। দাবি করা অর্থ দিতে অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে চাপ প্রয়োগ, প্রশাসনের কাছে অভিযোগ এবং নির্মাণকাজে বাধা সৃষ্টি করা হয়।
তিনি আরও বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে ব্যবসা শুরু করেছেন। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার কামনা করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত শফিকুল ইসলামের ভাগিনা মো. সোহেল রানা অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় তার মামাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে, যা পরিবারকে উদ্বিগ্ন করে তুলেছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির সদস্য মো. শহীদুজ্জামান মিল্টনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
