ফসল উদ্ভিদ বিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএসপিএসটি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) অধ্যাপক ও কৃষি অনুষদের সাবেক ডিন ড. মো. আব্দুল বাছেত মিয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন।

সংগঠন সূত্রে জানা গেছে, গত ৩ জুন থেকে শুরু হওয়া নির্বাচনী ও সাংগঠনিক কার্যক্রম শেষে গঠনতন্ত্র অনুযায়ী নতুন কার্যনির্বাহী কমিটি চূড়ান্ত করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি অধ্যাপক ড. শ্রীপতি শিকদার ও অধ্যাপক ড. মো. সাজ্জাদুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাহবুব ইসলাম ও অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান; কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নেছার উদ্দীন; প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. কামরুন নাহার; যুগ্ম প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. দিবেশ দাস এবং সেমিনার ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ড. মো. সবিবুল হক।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক, অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম, ড. মোসা. সালমা পারভীন, মো. মোশারফ হোসেন, ড. মীরা রানী দাস, হায়দার ইকবাল খান, ড. মো. শরিফুল ইসলাম, ড. বাবুল আক্তার এবং ড. এ. এফ. এম. শামিম আহসান।

নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় সভাপতি ড. মো. আব্দুল বাছেত মিয়া বলেন, “উদ্ভিদ বিজ্ঞান শুধু একটি একাডেমিক শাখা নয়; এটি দেশের খাদ্যনিরাপত্তা, কৃষির স্থায়িত্ব এবং ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি। বিএসপিএসটিকে জ্ঞানচর্চা, গবেষণা ও পেশাগত উৎকর্ষতার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। তরুণ বিজ্ঞানীদের সক্ষমতা বিকাশ এবং গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়াই হবে আমাদের অন্যতম অগ্রাধিকার।”

সংগঠনটির লক্ষ্য হলো ফসল উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন শাখার পেশাজীবীদের মধ্যে কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং উদ্ভিদ বিজ্ঞানীদের পেশাগত উন্নয়নে সহায়তা করা। পাশাপাশি জাতীয় ও বৈশ্বিক কৃষি-চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, গবেষণা প্রকাশনা, জার্নাল প্রকাশ, পুরস্কার ও বৃত্তি প্রদানের মতো কার্যক্রম পরিচালনার মাধ্যমে উদ্ভিদ বিজ্ঞানের বিকাশে ভূমিকা রাখা।

উল্লেখ্য, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ক্রপ বোটানিস্ট ও লেখক ড. মো. আব্দুল বাছেত মিয়া কৃষি শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে A Textbook of Embryology and Reproductive Structures of Crop Plants, Morphology and Taxonomy of Crop Plants এবং Nutrition of Crop Plants।