চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে অপহৃত দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব।

গোপন সংবাদে ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র‌্যাব-৭-এর সিপিসি-১, ফেনী এর একটি যৌথ দল গত শুক্রবার রাতে জেলার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
এ সময় অপহরণকারী আরিফুল ইসলাম-(২৬) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম চট্টগ্রাম জেলার বায়েজিদ এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে। উদ্ধারকৃত স্কুল ছাত্রী চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকার মনচুপ আলীর বাড়ি এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেনীর ছাত্রী।
রোববার রাতে গনমাধ্যমকর্মীদের কাছে র‌্যাব-৯-এর সিলেট অফিসের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই স্কুল ছাত্রীর মায়ের সাথে অপহরণকারী আরিফুল ইসলামের মা রেহেনা বেগমের পূর্ব পরিচয় ছিলো। পরিচয়ের সুবাদে গত ৬ মে রেহেনা বেগম তার ছেলের সাথে ওই স্কুল ছাত্রীকে বিয়ে দেয়ার জন্য স্কুল ছাত্রীর মাকে প্রস্তাব দেন।
বিয়ের বয়স না হওয়ার কারনে মেয়ের মা আরিফুলের সাথে তার মেয়েকে বিয়ে দিতে অস্বীকৃতি জানায়। এতে আরিফুলের মা রেহেনা বেগম ক্ষিপ্ত হন।
গত ৩০ মে সকাল ৮টার দিকে স্কুল ছাত্রী নাস্তা আনার জন্য ঘর থেকে বের হয়ে দোকানে যাওয়ার সময় অপহরণকারী আরিফুল ইসলামসহ তার সহযোগীকে স্কুল ছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় গত ৬ জুন ভিকটিমের মা জান্নাতুল ফেরদৌস বাদি হয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১০।