শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গ্যাপ (GAP) সার্টিফিকেশন বিষয়ক একদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি খাতের উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে বাস্তবায়িত PARTNER (Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh) প্রকল্পের আওতায় রবিবার (১৪ জুন) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে ও কৃষক প্রশিক্ষণ হলে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা, কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে গ্যাপ সার্টিফিকেশনের গুরুত্ব তুলে ধরা হয়। কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন PARTNER প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সালাহউদ্দিন কায়সার, অতিরিক্ত কৃষি অফিসার রাশিদুজ্জামান ইমরান, কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাইফুল ইসলাম খান এবং উপজেলা কৃষি অফিসার মো. মশিউর রহমান।
বক্তারা বলেন, নিরাপদ ও মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদনের মাধ্যমে দেশের কৃষিকে আরও প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যেতে গ্যাপ সার্টিফিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা কৃষকদের নিরাপদ ও টেকসই কৃষি উৎপাদন পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।
এ সময় নতুন উচ্চ ফলনশীল ব্রি ধান-১০০+ জাতের চাষাবাদ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। কৃষকদের এ জাতের উৎপাদন সম্ভাবনা, পরিচর্যা ও ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা গ্যাপ সার্টিফিকেশনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন এবং মাঠপর্যায়ে এসব প্রযুক্তি বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।