মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষার প্রসার, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর করিমের খামার এলাকায় মাদকবিরোধী সচেতনতা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (১২ জুন) মাগরিবের নামাজের পর করিমের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের অন্যতম বড় সামাজিক সমস্যা। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সর্বসম্মতিক্রমে একটি মাদকবিরোধী সচেতনতা কমিটি গঠন করা হয়। এতে মো. সফিকুল ইসলামকে আহ্বায়ক এবং মো. মাসুদ রানাকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পান আশিক মাহমুদ, নূর আলম, আল আমিন ও জামাল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, কমিটির কার্যক্রমকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। ভবিষ্যতে এই পরিষদের পরিধি আরও সম্প্রসারণ করা হবে।

বক্তারা এলাকার যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে শিক্ষা, খেলাধুলা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সামাজিক সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও পরিচ্ছন্ন সমাজ গঠনে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করা হয়।