মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ‘এআই ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত সরকার।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির হকশুলে নিডাররাইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসে টেকনিক্যাল টেক্সটাইলস বিষয়ে অধ্যয়নরত মো. শরিফুর রহমান রাকেশ।
প্রবন্ধে তিনি টেক্সটাইল ও ফ্যাশন শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং এ খাতে দক্ষ মানবসম্পদ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বক্তারা বলেন, বিশ্বব্যাপী টেক্সটাইল ও ফ্যাশন শিল্পে প্রযুক্তিনির্ভর পরিবর্তন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। উৎপাদন ব্যবস্থাপনা, মান নিয়ন্ত্রণ, সরবরাহ শৃঙ্খলা ব্যবস্থাপনা, মার্চেন্ডাইজিং এবং ফ্যাশন ডিজাইনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ বাস্তবতায় শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী এবং অ্যালামনাই সদস্যরা অংশগ্রহণ করেন।