টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্থানীয় জোবায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।