ঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রতিদিন নতুন রোগী শনাক্ত হওয়ায় পরিস্থিতি মোকাবেলায় জেলা শহরের সাতটি এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলা শহরের কাটপট্টি, বান্দা ঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক এবং ফকির বাড়ি এলাকাকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে ১২ জন, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে এবং আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।