দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে মাদারীপুরে দিনব্যাপী দুর্নীতিবিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) মাদারীপুর সদর উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। সরকারি সমন্বিত অফিস ভবনের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো. জামান মিয়ার সভাপতিত্বে এবং কমিটির সহ-সভাপতি সাংবাদিক মনজুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদ হোসেন এবং মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজমল হুদা ঢালী।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সততা, জবাবদিহিতা ও দেশপ্রেমের মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
