কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক কিশোরী ও এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আছিয়ার বাজার এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালায় ফুলবাড়ী থানা পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা একটি স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ওই ঘটনায় দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন বগুড়া জেলার কাহালু উপজেলার বুড়ইল গ্রামের সুজন প্রামাণিকের মেয়ে নাদিরা খাতুন (১৪) এবং তার সৎ ভাই পায়েল (২০)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
