জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ৯ জুন জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানায়। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৩(১) ধারা অনুযায়ী তাঁকে প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের পর একই দিন তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডিস্থ নগর কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরকে স্বাগত জানান।

স্বাগত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি শিক্ষাবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে তিনি মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া (Universiti Sains Malaysia) থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

শিক্ষা গবেষণা ও নীতিনির্ধারণী কর্মকাণ্ডে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। মানসম্মত শিক্ষা (SDG-4), শিক্ষক পেশাগত উন্নয়ন এবং শিক্ষাক্রম উন্নয়ন তাঁর গবেষণার অন্যতম প্রধান ক্ষেত্র। তিনি জাতীয় কারিকুলাম সমন্বয় কমিটির (এনসিসিসি) সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা কেন্দ্র (IDRC), কানাডা এবং গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন নলেজ অ্যান্ড ইনোভেশন এক্সচেঞ্জ (GPE KIX)-এর সহায়তায় পরিচালিত ‘Gender and Inclusive Pedagogy’ শীর্ষক বহুদেশীয় গবেষণা প্রকল্পে তিনি সমন্বয়ক ও গবেষণা নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। এ গবেষণায় বাংলাদেশ, ভুটান, নেপাল, ভিয়েতনাম ও তিমুর-লেস্তে অংশগ্রহণ করে।

অধ্যাপক জিন্নাহ বিশ্বব্যাংক, ব্রিটিশ কাউন্সিল, জাইকা (JICA), সেভ দ্য চিলড্রেন এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে কাজ করেছেন। পাশাপাশি তিনি আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) শিক্ষাক্রম প্রণয়ন ও উন্নয়নে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেশ-বিদেশের স্বীকৃত জার্নালে তাঁর উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শিক্ষা খাতে তাঁর গবেষণা, নীতি-সহায়তা ও নেতৃত্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।