চুয়াডাঙ্গা শহরে অভিযান চালিয়ে সরকারি উন্মুক্ত বাজারে খাদ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ওএমএস ডিলার সোহেল আহমেদ মালিক সুজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে জেলা প্রশাসনের পরিচালিত এক অভিযানে শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া এলাকা থেকে একটি শ্যালোইঞ্জিনচালিত ভ্যানগাড়িতে পরিবহনকালে এসব খাদ্যসামগ্রী জব্দ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার করা চাল ও আটা সরকারি ওএমএস কর্মসূচির আওতাভুক্ত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযানের সময় ভ্যানগাড়িতে থাকা সাত বস্তা চাল ও দুই বস্তা আটা জব্দ করা হয়, যার মোট পরিমাণ ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা।
প্রশাসনের তথ্যমতে, সোহেল আহমেদ মালিক সুজন চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওএমএস ডিলার। তার নির্ধারিত গুদাম শহরের পুরাতন স্টেডিয়াম এলাকায় হলেও খাদ্যসামগ্রী অন্যত্র নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশের সদস্যরা অংশ নেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় সোহেল আহমেদ মালিক সুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ বলেন, “সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতাধীন চাল ও আটা নির্ধারিত নিয়মের বাইরে বিক্রি বা সরবরাহের কোনো সুযোগ নেই। এ ধরনের অনিয়ম রোধে জেলা প্রশাসনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানের সময় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় দেখা যায়। তারা সরকারি খাদ্যসামগ্রী ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান।
তবে এ বিষয়ে অভিযুক্ত ডিলার সোহেল আহমেদ মালিক সুজনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
