গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি হলেন টঙ্গী পশ্চিম থানাধীন হাজী মাজার বস্তি এলাকার বাসিন্দা মো. ইয়াছিনের ছেলে মারুফ হোসেন (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে মারুফ হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হাজী মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়ে মারুফ হোসেনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গাজীপুর মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

পুলিশের দাবি, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।