কুড়িগ্রামের উলিপুর উপজেলার শতবর্ষী প্রবীণ হাফিজ উদ্দিনের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে সরকারি মানবিক খাদ্য সহায়তা। দীর্ঘদিন ধরে দারিদ্র্য, বার্ধক্যজনিত অসুস্থতা ও নানাবিধ সংকটের মধ্যে জীবনযাপন করা এই বৃদ্ধের দুরবস্থার বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় আসার পর প্রশাসনের পক্ষ থেকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

রোববার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় হাফিজ উদ্দিনের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. ফিজানুর রহমান, কার্যসহকারী আনিছুর রহমান, উপসহকারী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সহায়তা প্যাকেজে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, লবণ, মরিচ, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. ফিজানুর রহমান বলেন, “অসহায়, দুস্থ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। হাফিজ উদ্দিনের বিষয়টি জানার পর প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।”

সহায়তা পেয়ে আবেগাপ্লুত হাফিজ উদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “অনেক দিন পর কেউ আমার খোঁজ নিয়েছে। এই সহযোগিতা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।”

স্থানীয় বাসিন্দারা জানান, বয়সের ভারে ন্যুব্জ হাফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। তার বসতঘরে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব রয়েছে এবং চলাফেরাও ক্রমেই কঠিন হয়ে উঠেছে।

তারা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বৃদ্ধের জন্য আরও দীর্ঘমেয়াদি সহায়তার দাবি জানান। স্থানীয়দের মতে, একটি স্বাস্থ্যসম্মত টয়লেট, হুইলচেয়ার, সৌরবিদ্যুতের ব্যবস্থা এবং বাড়ি পর্যন্ত চলাচলযোগ্য রাস্তা নির্মাণ করা হলে জীবনের শেষ সময়ে তিনি তুলনামূলক স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন।

স্থানীয়দের ভাষ্য, সরকারি খাদ্য সহায়তা হাফিজ উদ্দিনের তাৎক্ষণিক দুর্ভোগ কিছুটা লাঘব করলেও তার স্থায়ী জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত ও টেকসই উদ্যোগ প্রয়োজন।