হাম ও রুবেলা টিকা আমদানিতে বিলম্বের মাধ্যমে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত অভিযোগের পক্ষে পর্যাপ্ত আইনগত ও প্রাথমিক উপাদান না পাওয়ায় মামলাটি আমলে নিতে অস্বীকৃতি জানান। বিষয়টি আদালতের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এর আগে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেন। আদালত তার জবানবন্দি গ্রহণের পর আদেশের জন্য আবেদনটি বিবেচনায় নেন।

মামলায় অভিযুক্ত অন্যরা হলেন—স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, হাম-রুবেলা টিকা আমদানির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ও দায়িত্বে অবহেলার কারণে দেশে টিকার সংকট তৈরি হয়। এর ফলে বহু শিশু আক্রান্ত হয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়। বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করেছে।

আবেদনে আরও বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ করলেও সংশ্লিষ্ট সময়ে সেই পদ্ধতি থেকে সরে এসে উন্মুক্ত দরপত্রের উদ্যোগ নেওয়া হয়। এতে টিকা সংগ্রহ প্রক্রিয়ায় বিলম্ব সৃষ্টি হয়ে সংকট দেখা দেয় বলে অভিযোগ করা হয়েছে।

তবে আদালত অভিযোগগুলোকে ফৌজদারি মামলা হিসেবে গ্রহণের মতো যথেষ্ট ভিত্তি ও উপাদান খুঁজে না পাওয়ায় আবেদনটি খারিজ করে দেন।

এই আদেশের মাধ্যমে আপাতত আলোচিত অভিযোগের বিচারিক প্রক্রিয়া নিম্ন আদালতে আর এগোচ্ছে না। তবে আইন অনুযায়ী বাদীপক্ষ চাইলে উচ্চতর আদালতে প্রতিকার চাইতে পারবেন।