চুয়াডাঙ্গা সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ টাকারও বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ও রোববার (৬-৭ জুন) চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবির অভিযানে ৯ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বড়বলদিয়া, সুলতানপুর ও বারাদী বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) টহল দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানে ৯ দশমিক ৯ কেজি ভারতীয় গাঁজা, ১৯ বোতল ভারতীয় মদ, ৪০৫টি ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, এক হাজার ৮০০টি ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ১৪টি ভারতীয় শাড়ি এবং একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়।

বিজিবির অভিযানে ৯ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ
জব্দকৃত মাদক ও চোরাচালানি পণ্যের মোট আনুমানিক মূল্য ৯ লাখ ২ হাজার ৬৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, “দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, “সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।”
