ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও বহুমুখী প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং—এই চারটি বিভাগে অংশ নেয় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা।
শনিবার (৬ জুন) সকালে ফরিদপুর শহরের মহিম স্কুল ইনস্টিটিউট মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না। সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই তাদের মেধা ও মানবিক মূল্যবোধের বিকাশে আমাদের সমান গুরুত্ব দিতে হবে।”
তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও সৃজনশীল চিন্তাশক্তি বিকাশের আহ্বান জানান এবং ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেন।
দিনব্যাপী প্রতিযোগিতায় ক্রীড়া বিভাগে দৌড়, দীর্ঘলাফসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্বে ছিল দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি ও অভিনয়। এছাড়া বিষয়ভিত্তিক কুইজে সাধারণ জ্ঞান ও পাঠ্যবইভিত্তিক প্রতিযোগিতা এবং কাবিং কার্যক্রমে শিক্ষার্থীরা শৃঙ্খলা ও নেতৃত্বের দক্ষতার পরিচয় দেয়।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে মেডেল ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা। এ সময় জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে বিজয়ীদের অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাবিদ, শিক্ষক ও অভিভাবকরা এ আয়োজনের প্রশংসা করে বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বগুণ বিকাশ এবং সুস্থ সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
