আগামীকাল রোববার (৭ জুন) শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হবে। এ অধিবেশন আহ্বান করেছেন মো. সাহাবুদ্দিন।
শনিবার (৬ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৭ মে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বাজেট অধিবেশন আহ্বানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছিল।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেট অধিবেশনে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব আহরণ, উন্নয়ন ব্যয় এবং আগামী অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। অধিবেশনকে কেন্দ্র করে সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে, বাজেট অধিবেশনকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শনিবার থেকে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় আগ্নেয়াস্ত্র বহন, মিছিল, সমাবেশ, শোভাযাত্রা এবং বিক্ষোভ কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংসদের বাজেট অধিবেশন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।