টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুটি গবাদিপশুও মারা গেছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের মেরিয়াঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের বাসিন্দা মো. আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম (৩০) এবং তার মেয়ে খাদিজা আক্তার (৮)। খাদিজা স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার খালিদুল ইসলাম তার স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে বেড়াতে যান। পরে দুপুরে পাশের মেরিয়াঘোনা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে শাহধারীপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, আকাশে কালো মেঘ জমে বৃষ্টি শুরুর আগ মুহূর্তে এলাকায় ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। পরিবারের অন্য সদস্যরা দ্রুত আশ্রয়ের জন্য নিকটস্থ একটি বাড়ির ভেতরে প্রবেশ করলেও খালিদুল ইসলাম ও তার মেয়ে অটোরিকশা থেকে নেমে কয়েক গজ এগিয়ে যাওয়ার পর বজ্রাঘাতে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী ঘটনাস্থল এবং নিহতদের বাড়িতে ছুটে যান। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ইউএনও জোহরা সুলতানা যূথী বলেন, “শুক্রবার দুপুরের পর উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়েছে। এরই মধ্যে মেরিয়াঘোনা এলাকায় বজ্রাঘাতে খালিদুল ইসলাম ও তার কন্যা খাদিজার মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।”

তিনি আরও জানান, বজ্রপাতের সময় খাদিজা তার বাবার কোলে ছিল। একই ঘটনায় এলাকায় দুটি গবাদিপশুও মারা গেছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।