ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় একটি ফিসারিতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ফিসারির মালিক মোফাজ্জল হোসেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, তবে এতে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হয়নি।
স্থানীয় সূত্র ও অভিযোগপত্রে জানা যায়, উপজেলার ১২ নম্বর আছিম পাটুলী ইউনিয়নের কুটিরা দক্ষিণপাড়া এলাকার মোফাজ্জল হোসেন পারিবারিকভাবে লিজ নেওয়া জমিতে একটি ফিসারি গড়ে তোলেন। তার চার ছেলের মধ্যে তিনজন প্রবাসে কর্মরত থেকে আর্থিক সহায়তা পাঠান, যার মাধ্যমে ফিসারিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছিল।
অভিযোগে বলা হয়, সোমবার (১ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ফিসারির দেখভালের দায়িত্বে থাকা মোফাজ্জলের ছেলে আরিফ মাছকে খাবার দিয়ে পাশের বাজারে যান। পরে রাত প্রায় ৮টা ৪৫ মিনিটে ফিরে এসে তিনি দেখতে পান, ফিসারির বিভিন্ন প্রজাতির মাছ পানির ওপর ভেসে উঠছে এবং ছটফট করতে করতে মারা যাচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শনের সময় ফিসারির পাড়ে একটি বিষের বোতল পড়ে থাকতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা ফিসারিতে বিষ প্রয়োগ করেছে, যার ফলে অল্প সময়ের মধ্যেই বিপুল পরিমাণ মাছ মারা যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, এতে প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তাদের অভিযোগ, এর আগেও একই ফিসারিতে দুইবার এ ধরনের ঘটনা ঘটেছে।
ফিসারির মালিক মোফাজ্জল হোসেন বলেন, জমিটি তাদের পারিবারিক সম্পত্তির অংশ হলেও দীর্ঘদিন ধরে লিজ নিয়ে তিনি মাছচাষ করছেন। তিনি বলেন, “আমার ছেলেরা বিদেশে কষ্ট করে যে টাকা পাঠিয়েছে, তা দিয়ে এই ফিসারি গড়ে তুলেছি। বারবার বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হচ্ছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
তার ছেলে রাকিবুল ইসলাম রনি বলেন, “আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। কিন্তু বারবার এমন ক্ষতি করা হচ্ছে। আমরা চাই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
