কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (১ জুন) আসরের নামাজের পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সংসদ সদস্য আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং তার গাড়িচালক সাদ্দাম হোসেন আহত হয়েছেন।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা হলেন হাসাদাহ বাজারের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমন।
আহত আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দুটি পৃথক গাড়িতে জীবননগরের উদ্দেশে রওনা দেন। হাসাদাহ বাজার এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের পথরোধ করে। পরে হর্ন দেওয়াকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইজিবাইক চালকের সঙ্গে বাকবিতণ্ডার পর হঠাৎ কয়েকজন এসে তাদের ওপর হামলা চালায়।
তিনি আরও অভিযোগ করেন, তিনি নিজেকে এমপি আমির হামজার শ্যালক পরিচয় দিলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে। এ সময় তার সঙ্গে থাকা বোন ও পরিবারের সদস্যরাও হয়রানির শিকার হন বলে দাবি করেন তিনি।
খবর পেয়ে জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এমপি আমির হামজা ও তার পরিবারের সদস্যরা থানায় অবস্থান নেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে এমপি ও তার পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
