“মঙ্গার সাথে লড়াই করে যারা বাঁচে বারোমাস তাদের জন্য ঈদুল আযহার খুশির আশ্বাস”এই স্লোগানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন সাদ-ই-নুর ফাউন্ডেশনের উদ্যোগে ২টি গরু কোরবানি করে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র বিধৌত মেকুরের আলগা, সাতাশ দাগ, জাহাজের আলগা, চেরাগের আলগা, আইরমারীর চর ও বালাডোবার দূর্গম চরের তিন শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ মানবিক কার্যক্রমে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। সকাল থেকে নির্ধারিত স্থানে কোরবানির কার্যক্রম সম্পন্ন করে স্বাস্থ্যবিধি মেনে গোস্ত প্যাকেটজাত করা হয়। পরে সুবিধাবঞ্চিত, নিম্নআয়ের ও হতদরিদ্র পরিবারের হাতে গোস্ত পৌঁছে দেওয়া হয়।
এ সময় সাদ-ই-নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান আনসারী বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
স্থানীয় বাসিন্দারা এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।