ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মুক্তাগাছার সামাজিক সংগঠন ‘আমরা মুক্তাগাছা ঐক্য পরিষদ’। সংগঠনটির উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে মুক্তাগাছা প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তাগাছা প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক ফেরদৌস আলম, আমরা মুক্তাগাছা ঐক্য পরিষদের উপদেষ্টা মো: তারেক সালাহ উদ্দিন সুমন, ভারপ্রাপ্ত সভাপতি মাজনুন হাসান সোহাগ, সহ-সভাপতি সালাহ উদ্দিন আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক রাশেদ আকন্দ রাজিব, সহ-সম্পাদক হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান কাঞ্চনসহ সংগঠনের সদস্যরা।

ঈদ সামগ্রীর প্যাকেজে ছিল পোলাওয়ের চাল, সয়াবিন তেল, সেমাই, নুডলস, চিনি, চিপস, সাবান ও মুড়ি। এসব সামগ্রী প্রায় শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি একজন অসুস্থ রোগীকেও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক কর্মকাণ্ডে অংশ নেওয়াকে নিজেদের দায়িত্ব মনে করে ‘আমরা মুক্তাগাছা ঐক্য পরিষদ’। সেই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।