পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে বৈদেশিক মুদ্রা প্রবাহে ইতিবাচক গতি দেখা দিয়েছে। প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজনের জন্য বেশি অর্থ পাঠানোয় চলতি মে মাসের প্রথম ২০ দিনেই রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩২ হাজার কোটি টাকায়।
Bangladesh Bank প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ২০ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা।
হিসাব অনুযায়ী, চলতি মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে এক হাজার ৬০০ কোটিরও বেশি টাকার রেমিট্যান্স। সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় রেমিট্যান্স প্রবাহে এই উল্লম্ফন দেখা যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাসের ২০ তারিখ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অর্থনীতিবিদদের মতে, বৈধ পথে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা, ব্যাংকিং সেবার উন্নয়ন এবং হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারির কারণে প্রবাসীরা এখন আনুষ্ঠানিক চ্যানেলে বেশি ঝুঁকছেন। এর ফলে বৈদেশিক মুদ্রার প্রবাহও ধারাবাহিকভাবে বাড়ছে।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি অর্থবছরের বিভিন্ন মাসেই রেমিট্যান্স প্রবাহ শক্ত অবস্থানে রয়েছে। বিশেষ করে মার্চ ও এপ্রিল মাসে রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যায়। সেই ধারা মে মাসেও অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, ঈদুল আজহার আগে মে মাসের বাকি সময়েও রেমিট্যান্স আরও বাড়তে পারে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে চলতি মাসে নতুন রেকর্ডও সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি আমদানি ব্যয় সামাল দেওয়া এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়তা করবে।