সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত হানিফ মিয়া (২৫) উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের বাসিন্দা এবং হিরণ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় রাত আনুমানিক পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রায় ছয় বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান হানিফ। তিনি মক্কার একটি হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার) হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন আগে তাঁর দাদির মৃত্যুর পর তাঁর আত্মার মাগফিরাত কামনায় ওমরা পালন করেন হানিফ। ওমরা শেষে তিন বাংলাদেশি সহকর্মীকে নিয়ে কর্মস্থলে ফেরার পথে তাঁদের বহনকারী গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে পড়ে।

নিহতের চাচা বেলাল হোসেন দীলিপ জানান, দুর্ঘটনার পর গাড়ি থেকে নেমে তাঁরা সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি গাড়ি তাদের দিকে ধেয়ে আসে। অন্য তিনজন দ্রুত সড়কের আইল্যান্ডে উঠে প্রাণে রক্ষা পেলেও হানিফ ঘটনাস্থলেই নিহত হন।

তিনি বলেন, “দুর্ঘটনার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই আমরা মৃত্যুর খবর পাই। এ ধরনের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

পরিবার সূত্রে আরও জানা গেছে, দুই ভাই ও চার বোনের মধ্যে হানিফ ছিলেন সবার বড়। এক মাস পর দেশে ফিরে তাঁর বিয়ের কথা ছিল। সে লক্ষ্যে পরিবারের সদস্যরা পাত্রীও দেখছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা জানান, হানিফের কর্মস্থলের সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পরিবারের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।