আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে সারাদেশে ‘কৃষক কার্ড’ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এই কর্মসূচির সূচনা করবেন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন এবং প্রস্তুতি কাজের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী টুকু বলেন, “কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের কল্যাণে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী পদক্ষেপ। পহেলা বৈশাখে টাঙ্গাইলের মাটিতে এই কর্মসূচির উদ্বোধন হওয়ায় জেলার মানুষ গর্বিত এবং আনন্দিত। প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ নবান্নের ঐতিহ্যবাহী উৎসবের সঙ্গে সমন্বয় রেখে দেশের জন্য এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হবে।”

প্রতিমন্ত্রী আরও জানান, টাঙ্গাইলবাসী এই আয়োজনকে স্বাগত জানিয়েছে এবং প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য প্রস্তুতি চলছে। পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী মেলা, কৃষি মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে, যেখানে দেশের খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করবেন।

একই দিনে দেশের আরও নয়টি স্থানে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। পাইলট প্রকল্পের আওতায় এই জেলা-উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে, এবং ধাপে ধাপে দেশের সব কৃষক এ সুবিধার আওতায় আসবেন বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সচিব রফিকুল ই মোহাম্মদ, বাংলাদেশ স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর আগমন ও অনুষ্ঠান সুষ্ঠু সম্পন্ন করতে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় নিরাপত্তা ব্যবস্থা, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং অন্যান্য সার্বিক প্রস্তুতির বিস্তারিত আলোচনা হয়। প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সকল দপ্তরের কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেন।

সভায় জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেবেন। এছাড়া শহরের পৌর উদ্যানে পহেলা বৈশাখ উদযাপন, আউটার স্টেডিয়ামে কৃষি মেলার উদ্বোধন এবং মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।