দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর স্মৃতিতে আয়োজন করা হয়েছে বাংলা সাহিত্যের মহোৎসব ‘জন্মোৎসব ২০২৬’। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি, লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রকাশক ও মুক্তিযোদ্ধা ওসমান গণি এবং কথাসাহিত্যিক মনি হায়দার।

উৎসবের সভাপতিত্ব করবেন আব্দুর রউফ চৌধুরী স্মৃতি পর্ষদের মহাসচিব কথাসাহিত্যিক শামস সাইদ। উৎসবের সদস্য সচিব ফখরুল হাসান জানান, এবারের মূল আকর্ষণ হলো সাহিত্য পদক ২০২৬, স্মারক সম্মাননা ২০২৬ এবং প্রজন্ম প্রান্তিক সম্মাননা ২০২৬।

সাহিত্য পদক প্রদান করা হবে কথাসাহিত্যিক রফিকুর রশীদ এবং আকিমুন রহমানকে। স্মারক সম্মাননা পাচ্ছেন প্রাবন্ধিক আসাদুল্লাহ, কবি বীরেন মুখার্জী, গবেষক ড. শাফিক আফতাব এবং মুক্তিযুদ্ধ গবেষক সোহেল মাজহার।

প্রজন্ম প্রান্তিক সম্মাননা দেওয়া হবে তরুণ সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের, যার মধ্যে থাকছেন আপন অপু (লক্ষ্মীপুর), আলমগীর মাসুদ (ফেনী), ইসরাত জাহান (পটুয়াখালী), কানিজ পারিজাত (ফরিদপুর), কামরুন্নাহার দিপা (মেহেরপুর), রাশেদ রেহমান (সিরাজগঞ্জ), শব্দনীল (বাগেরহাট), সালাহ উদ্দিন মাহমুদ (মাদারীপুর), সিদ্দিকী হারুন (হবিগঞ্জ) এবং সিরাজিয়া পারভেজ (সাতক্ষীরা)।

ফখরুল হাসান বলেন, “জন্মোৎসব শুধু আব্দুর রউফ চৌধুরীর স্মরণে আয়োজন নয়, এটি নতুন প্রজন্মের সাহিত্যিকদের উদ্ভাবনী শক্তি, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক অঙ্গনে উজ্জীবনের উৎসব। আমরা আশা করি, অনুষ্ঠানের মাধ্যমে তরুণরা আরও অনুপ্রাণিত হবে এবং বাংলা সাহিত্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে।