২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেন।

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ৬ জুন এবং তা চলবে ১৩ জুলাই পর্যন্ত।

তিনি বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষাগুলো সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।