ময়মনসিংহের ত্রিশালে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোছা মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৫০০ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়,(৬ মে) বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানা পুলিশের একটি চৌকস দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল ইউনিয়নের বাগান বেঙ্গুলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে স্থানীয় জনৈক জালাল মেম্বারের বাড়ির সামনে সরকারি পাকা রাস্তা থেকে মোছা মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা.মাহবুবুর রহমান লিটনের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার পর থেকে ত্রিশাল থানা পুলিশ বিশেষ তৎপরতা চালাচ্ছে। এমপি’র নির্দেশনা বাস্তবায়নে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ বিশেষ অভিযানের মাধ্যমে মাদক নির্মূলে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় প্রতিদিন উপজেলার কোনো না কোনো স্থানে মাদক ব্যবসায়ীরা পুলিশের হাতে আটক হচ্ছে, যা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ জানান,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওসি আরও জানান, ত্রিশালকে মাদক মুক্ত না করা পর্যন্ত পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।