ময়মনসিংহের গফরগাঁওয়ে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কের উন্নয়নকাজ সম্পন্ন হলে দক্ষিণ গফরগাঁওয়ের যোগাযোগব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
আজ শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে গফরগাঁও জিসি-বাইরহাটি জিসি সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু।
এ প্রকল্পের আওতায় গফরগাঁও জিসি-বাইরহাটি জিসি সড়কের ৭ হাজার ৬২০ মিটার থেকে ১৩ হাজার ৫০০ মিটার চেইনেজ পর্যন্ত অংশের উন্নয়ন করা হবে। এতে প্রায় ৫ দশমিক ৮৮ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ সম্পন্ন হবে।
দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে প্রতিদিনের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে।
সড়কটির সংস্কার ও প্রশস্তকরণ কাজ শেষ হলে যোগাযোগব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ বাড়বে। একই সঙ্গে দক্ষিণ গফরগাঁওয়ের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
দীর্ঘদিনের প্রত্যাশিত এই উন্নয়নকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। দ্রুততম সময়ে কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্পটি সম্পন্ন হবে—এমন প্রত্যাশা তাঁদের।