নেত্রকোনা সদর উপজেলার ৯ নাম্বার চল্লিশা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মজলিস উদ্দিন তালুকদার বলেছেন, এলাকা মাদকমুক্ত করার লক্ষ্যে আমার প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে। বিগত সতেরো বছর ফ্যাসিস্ট সরকারের সময়ে চল্লিশা ইউনিয়ন পরিষদ উন্নয়ন বঞ্চিত হয়েছে। তারা উন্নয়নের নামে নয়টি ওয়ার্ডে দুর্নীতি ও লুটপাট করেছে।বিগত দিনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করব। ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরনসহ সার্বিক উন্নয়নে সচেষ্ট থাকব। ৯ নাম্বার চল্লিশা ইউনিয়ন পরিষদকে সদর উপজেলার মধ্যে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করার লক্ষ্যে আমি প্রচেষ্টা চালাবো। এলাকায় বাল্যবিবাহ, চুরি,জুয়া,মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমার প্রতিরোধ গড়ে তোলার অবস্থান অব্যাহত থাকবে। জাতীয়তাবাদী দল বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তাই আগামী নির্বাচনে দল আমাদের ইউনিয়নে চেয়ারম্যান পদে যাকে দলীয় মনোনয়ন দেবেন আমরা সকলে মিলে তাকে বিপুল ভোটে বিজয়ী করব। নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে বৃহস্পতিবার সকালে সাধারণ ভোটারদের সাথে মত বিনিময়কালে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মজলিস উদ্দিন তালুকদার এসব কথা বলেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।