রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মেট্রোরেলের তিনটি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।

মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ স্টেশনগুলো বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সংঘর্ষের মধ্যে মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মিরপুর-১০ এলাকায় শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে মেট্রোরেলের তিনটি স্টেশনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

সংঘর্ষের কারণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।