ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ-(৩২) ও আসিফ-(১৮) নামে দুই বাস যাত্রী নিহত হয়েছেন।
শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেড়তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কাজীপাড়া গ্রামের আবু বকরের ছেলে ও নিহত আসিফ রংপুর জেলার সদর উপজেলার হরকলি চৌপাড়া গ্রামের মোমিনুল ইসলামের ছেলে।
দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, শুক্রবার রাতে রংপুর থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহি বাস সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে শনিবার সকালে সরাইল উপজেলার বেড়তলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কে উল্টে যায়।
পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় আসিফ ও সৌরভের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।