বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে ‘প্রবীণদের সেবা নিন, নিজের বার্ধক্যের প্রস্তুতি নিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নাজমা আকতার, জেলা শাখার সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান স্বপন, ডা. ফজলুর রহমান, শামীম আরা খানম রিংকু, মোছা. হোছনা বেগম ও ফজলে রাব্বি মন্ডলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।