‎’সবার জন্য বাংলাদেশ ‘একটি অরাজনৈতিক সংগঠন এর মতবিনিময় সভা থেকে উগ্রবাদ-নৈরাজ্যসহ সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। শনিবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা থেকে এ আহ্বান জানানো হয়।
‎’সবার জন্য বাংলাদেশ’ আয়োজিত মতবিনিময় সভায় অতিথি ছিলেন লেখক-গবেষক জহুরুল কাইয়ুম, শফিউল ইসলাম। সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য মো. তসলিমউদ্দিন, রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর আ. কুদ্দুস শামীম। স্বাগত বক্তব্য দেন গাইবান্ধা জেলা কো-অর্ডিনেটর আকতার হোসেন খান ওপেল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কবি-সাংবাদিক রজতকান্তি বর্মন, বাসদ নেতা গোলাম রব্বানী, নারী মুক্তি কেন্দ্রের নিলুফার ইয়াসমিন শিল্পী, ওয়ার্কার্স পার্টির আশরাফ আলী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
‎বক্তারা বলেন, দেশ আজ গভীর সংকটের মুখোমুখি। হাজারো সমস্যা বিদ্যমান; চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতারণা, খুন, অর্থ পাচার ও লুটপাটে অর্থনীতি আজ বিপর্যস্ত। কিন্তু এ মুহূর্তে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সামাজিক শান্তির মূলে সরাসরি আঘাত হেনেছে ধর্মের নামে চলা উগ্রবাদ। এ সংকট উত্তরণে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
‎বক্তারা আরও বলেন, সুশৃঙ্খল, আইনি ও নীতিগত সম্মিলিত প্রতিরোধই আজ আমাদের সমাজকে উগ্রবাদের কবল থেকে রক্ষা করতে পারে।