সাম্য, দ্রোহ, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহের ধোবাউড়ায় তিন দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। তিন দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, রচনা ও নৃত্য পরিবেশন করে। এসব পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বহুমাত্রিক সাহিত্য ও সৃষ্টিশীলতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আয়োজনটি সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি শিক্ষার্থীদের নজরুলের জীবন, সাহিত্য, আদর্শ ও মানবিক দর্শনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করে। শিশু-কিশোরদের কাছে নজরুলকে পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে গান, কবিতা ও সংস্কৃতির প্রাণবন্ত স্রষ্টা হিসেবে তুলে ধরারও উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকরা বলেন, নজরুলের সাহিত্য তরুণ প্রজন্মকে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনায় উদ্বুদ্ধ হতে অনুপ্রাণিত করে। এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে নজরুলের সাহিত্য ও দর্শন সম্পর্কে জানার সুযোগ পায়।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) মুকসুদুস সালেহীন, উপজেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান মানিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন এবং ধোবাউড়া আদর্শ সরকারি কলেজের সাবেক অধ্যাপক আবদুল মোতালেবসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আমিন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।
