গাইবান্ধার সাদুল্লাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ নামে এক মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় এক মণ মাংস জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা শহরের বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অসুস্থ একটি গরু জবাই করে তার মাংস সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাংস জব্দ করা হয়। অভিযুক্ত বিক্রেতা অসুস্থ গরু জবাই করার কথা স্বীকার করেন। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীক জাহান জানান, জেলাল শেখ নিজ বাড়িতে অসুস্থ গরুটি জবাই করে পরে সেই মাংস বাজারে বিক্রির জন্য নিয়ে যান। গরুটির পা ও পেটে সমস্যা ছিল। জব্দ করা মাংস তাৎক্ষণিকভাবে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

ইউএনও রওজাতুন জান্নাত বলেন, জনস্বাস্থ্যের জন্য অনিরাপদ মাংস বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।