গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামসংলগ্ন শিবপুর সড়কের একটি কালভার্টের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৩টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি) অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
এসআরবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ দল শিবপুর সড়কের ওই কালভার্ট এলাকায় তল্লাশি চালায়। এ সময় কালভার্টের নিচে সাদা রঙের একটি প্লাস্টিকের কাটা বস্তা দেখতে পান অভিযানকারী দলের সদস্যরা।
পরে বস্তার ভেতর থেকে লাল রঙের একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, অভিযান শেষে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।