দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ৮ জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২১৯ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনে ১২২ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪৩২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ৫৩৬ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪২৯ জন। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত ৬৬ হাজার ২৫৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।
নতুন রোগী ভর্তির হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৫৬৬ জন। এছাড়া চট্টগ্রামে ২০৯ জন, বরিশালে ২০৪ জন, খুলনায় ২৪১ জন, ময়মনসিংহে ১১২ জন, রাজশাহীতে ৫৭ জন এবং রংপুরে ৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।