গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়ে একটি পালসার মোটরসাইকেল থেকে ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেলের চালক সেটি রাস্তায় ফেলে দৌড়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো পুরাতন জেলখানা মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সকাল সাড়ে ৯টার দিকে সন্দেহজনক একটি পালসার মোটরসাইকেলকে থামার সংকেত দেন ট্রাফিক পুলিশের টিএসআই হযরত আলী ও গৌতম।

পুলিশের সংকেত পেয়ে মোটরসাইকেল চালক কিছুটা সামনে গিয়ে বাইকটি রাস্তায় ফেলে দৌড়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর যুবকও ঘটনাস্থল থেকে সরে যায় বলে স্থানীয়রা জানান।

পরে ট্রাফিক পুলিশ বিষয়টি গাইবান্ধা সদর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি তল্লাশি করে। ট্রাফিক পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে মোটরসাইকেলের সিট খুলে কালো পলিথিনে মোড়ানো কয়েকটি প্যাকেট পাওয়া যায়। পরে মোটরসাইকেলের ট্যাংকি ও পাশের কভারের ভেতর থেকেও গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজার মোট ওজন ৬ কেজি ৪৫০ গ্রাম।

গাইবান্ধা ট্রাফিক পুলিশের টিআই (অ্যাডমিন) আলতাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় শহরকে যানজটমুক্ত রাখা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ট্রাফিক পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় পুরাতন জেলখানা মোড় থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলের চালককে শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।