রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। রোববার (২০ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উপাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আশেক কবির চৌধুরী, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার এবং অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন।
সাক্ষাৎকালে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের সার্বিক চিত্র রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। দায়িত্ব গ্রহণের পর গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং এসব উদ্যোগের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন আনার প্রচেষ্টার বিষয়েও তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।
আলোচনায় জেলাভিত্তিক পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কলেজ স্থাপনের উদ্যোগ, দ্রুততম সময়ে পরীক্ষার ফল প্রকাশ, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি শিক্ষায় গুরুত্ব বৃদ্ধি, দেশব্যাপী শিক্ষক প্রশিক্ষণ এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারের বিষয়গুলো উঠে আসে। পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করা এবং প্রান্তিক অঞ্চলের কলেজগুলোর শিক্ষার মানোন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
সাক্ষাৎকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও সিলেবাস সংস্কারের বিষয়েও আলোচনা হয়। শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কর্মমুখী ও সময়োপযোগী করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নেওয়া উদ্যোগগুলোর কথা তুলে ধরেন উপাচার্য।
রাষ্ট্রপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার ও উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে চ্যান্সেলর হিসেবে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রপতি শিক্ষার গুণগত মান, গবেষণা এবং কর্মসংস্থানমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে আসছেন।